ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচয় গড়ার প্রত্যয়ে ফারহানা কামাল
- আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
শৈশবের সৃজনশীলতা আর ফ্যাশনের প্রতি ভালোবাসা—এই দুইয়ের সমন্বয়ে নিজের ভবিষ্যৎ সাজাচ্ছেন ফ্যাশন মডেল ও ডিজাইনার ফারহানা কামাল। রংতুলি নিয়ে কাজ করা কিংবা নতুন কিছু সৃষ্টির প্রতি আগ্রহ থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি তাঁর ঝোঁক তৈরি হয়। সেই আগ্রহকে পেশাগত দক্ষতায় রূপ দিতে বর্তমানে পড়াশোনার পাশাপাশি মডেলিংয়েও যুক্ত রয়েছেন তিনি। তবে তাঁর স্বপ্ন কেবল মডেলিংয়ে সীমাবদ্ধ নয়; ভবিষ্যতে নিজস্ব ফ্যাশন হাউস প্রতিষ্ঠার পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়াতেও কাজের মাধ্যমে নিজের যোগ্যতা তুলে ধরতে চান এই তরুণী।
ফারহানা কামালের বেড়ে ওঠা লক্ষ্মীপুর শহরে। স্কুল ও কলেজজীবনও কেটেছে সেখানেই। ছোটবেলা থেকেই ছবি আঁকা, রং নিয়ে কাজ করা এবং সৃজনশীল কিছু করার প্রতি আগ্রহ ছিল তাঁর। সময়ের সঙ্গে সেই আগ্রহই তাঁকে ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে টেনে নেয়। নিজের পছন্দের বিষয়কে ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন তিনি।
নিজের স্বপ্ন পূরণের যাত্রায় পরিবারের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করেন ফারহানা। তাঁর ভাষ্য, পরিবারের সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁকে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। নিজের আগ্রহের জায়গাটিকে আরও ভালোভাবে বুঝতে এবং দক্ষতা বাড়াতে পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের দিকেও মনোযোগী তিনি।
মডেলিংয়ে আসার গল্পটাও কিছুটা ভিন্ন। শুরুতে এই অঙ্গনকে পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল না তাঁর। তবে আশপাশের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। কাজ করতে গিয়ে ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে বিভিন্ন কাজের প্রস্তাব পেলেও বেছে বেছে কাজ করতে চান ফারহানা। নিজের পছন্দ, পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজকেই প্রাধান্য দিতে চান তিনি।
ফারহানার দীর্ঘমেয়াদি পরিকল্পনার বড় অংশজুড়ে রয়েছে ফ্যাশন ব্যবসা। স্নাতক শেষ করে নিজের একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করতে চান তিনি। বিশেষ আগ্রহ রয়েছে ডেনিম ইন্ডাস্ট্রিতে। এই খাতে কাজ করে নতুন নকশা, সৃজনশীলতা ও নিজস্ব ভাবনার সমন্বয়ে আলাদা একটি ধারা তৈরির স্বপ্ন দেখছেন তিনি।
মডেলিং ও ফ্যাশন ডিজাইনিং—দুই ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করতে চান ফারহানা। সে জন্য পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জন এবং নিজের দক্ষতা বিকাশে গুরুত্ব দিচ্ছেন। ধাপে ধাপে এগিয়ে গিয়ে ফ্যাশন জগতে স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই এখন তাঁর মূল লক্ষ্য।











