আত্মবিশ্বাস আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ইভা
- আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আইন পেশায় ক্যারিয়ার গড়ার প্রস্তুতির পাশাপাশি মডেলিংয়েও নিজের পরিচিতি তৈরি করতে চান রংপুরের তরুণী হাবিবা ইয়াসমিন ইভা। পড়াশোনা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যেতে চান দুই ভিন্ন অঙ্গনে। তাঁর কাছে মডেলিং কেবল শখ নয়, বরং নিজের প্রতিভা প্রকাশ ও স্বপ্নপূরণের অন্যতম মাধ্যম।
ঢাকার প্রাইমএশিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেছেন ইভা। শিক্ষাজীবনের পাশাপাশি মডেলিংয়ের প্রতি ছিল তাঁর বিশেষ আগ্রহ। সেই আগ্রহকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে ২০২৫ সালে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প থেকে মডেলিংয়ের গ্রুমিং সম্পন্ন করেন তিনি। প্রশিক্ষণ শেষে ফটোশুটের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে র্যাম্পেও হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন এই তরুণী।
ইভার কাছে মডেলিং মানে শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়; ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা তুলে ধরারও একটি ক্ষেত্র। তাই এ অঙ্গনে নিয়মিত কাজ করার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে চান তিনি। একই সঙ্গে আইন বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আইনজীবী হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন।
নিজের লক্ষ্য সম্পর্কে হাবিবা ইয়াসমিন ইভা বলেন, মডেলিং আমার ধ্যান-জ্ঞান। আমি আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাই, পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন নারী একাধিক ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। আমার কাজের মাধ্যমে অন্য মেয়েরাও যেন নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত হয়, সেটাই চাই।
মডেলিং ও আইন পেশার বাইরেও ইভার আগ্রহের জায়গা রয়েছে। ছবি আঁকা ও স্কেচ করতে ভালোবাসেন তিনি। অবসর সময়ে রং-তুলির মাধ্যমে নিজের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করেন। শিল্পের প্রতি এই ভালোবাসাও তাঁর ব্যক্তিগত আগ্রহের গুরুত্বপূর্ণ অংশ।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইভা চান, নিজের যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে আইন ও মডেলিং—দুই ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে। পরিচিতির চেয়ে কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই তাঁর মূল লক্ষ্য। আত্মবিশ্বাস ও অধ্যবসায়কে সম্বল করে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চান রংপুরের এই তরুণী।











