স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম
- আপডেট সময় : ০৭:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
‘ফেস অব টুমরো ২০২৬’ প্রতিযোগিতা সানজিদা তাসনীমের অভিনয় ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। প্রতিযোগিতায় টপ ২০-এ জায়গা করে নেওয়ার পাশাপাশি এবার নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। নির্মাতা রিজওয়ানুল ইসলাম সানজিদের ‘সমীকরণের বাইরে’ নামের এই ছোট সিনেমায় দেখা যাবে তাকে।
‘ফেস অব টুমরো ২০২৬’-এর অংশ হিসেবে ১০ জন নির্মাতা ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় নির্মিত হতে যাওয়া ‘সমীকরণের বাইরে’তে যুক্ত হয়েছেন সানজিদা। নতুন এই কাজটিকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
রাকীব আব্বাসের রচনায় নির্মিতব্য চলচ্চিত্রটির গল্পে উঠে আসবে মানুষের পাওয়া-না পাওয়া, দুঃখ-কষ্ট, ব্যর্থতার অনুভূতি এবং নানা ধরনের মানসিক সংকট। গল্পের প্রধান চরিত্রে থাকছেন ‘ফেস অব টুমরো ২০২৬’-এর দ্বিতীয় রানারআপ তমাল। রাঙামাটির নৈসর্গিক ও বৈচিত্র্যময় লোকেশনে শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং।

নতুন কাজ প্রসঙ্গে সানজিদা তাসনীম বলেন, কাস্টিং ডিরেক্টর, পরিচালক, প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজের কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতা তৈরি করতে চাই। আমি বিশ্বাস করি, একজন শিল্পীর সবচেয়ে শক্তিশালী পরিচয় তার কাজ। জনপ্রিয়তা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু ভালো কাজের প্রভাব দীর্ঘস্থায়ী হয়।
অভিনয়কে শুধু ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা পরিচিতি পাওয়ার মাধ্যম হিসেবে দেখেন না সানজিদা। তার কাছে অভিনয় একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিনিয়ত নতুন করে নির্মাণের প্রক্রিয়া। একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রে যাওয়ার সময় নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও চারপাশের মানুষের জীবন থেকে পাওয়া পর্যবেক্ষণকে কাজে লাগানোর চেষ্টা করেন তিনি।
‘সমীকরণের বাইরে’র মাধ্যমে নতুন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার পাশাপাশি অভিনয়ে নিজের পরিসর আরও বিস্তৃত করতে চান সানজিদা। সামনে ভালো গল্প ও চরিত্রনির্ভর কাজের মাধ্যমে দর্শকের কাছে নিজের অভিনয় দিয়ে আলাদা পরিচয় তৈরি করাই তার লক্ষ্য।
















