‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত
- আপডেট সময় : ১০:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
অভিনয় জগতে পথচলা শুরু করল শিশুশিল্পী মুসতাহসিন নাদমান আয়াত। চ্যানেল আইয়ের নিজস্ব প্রযোজনায় নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’-এর মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে তার। টেলিফিল্মটি নির্মাণ করেছেন সানজিদ খান প্রিন্স। সবকিছু ঠিক থাকলে শিগগিরই বিশেষ কোনো দিবসে চ্যানেল আইয়ে এটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
মুসতাহসিন নাদমান আয়াতের বাবা মোশারফ হোসেন পেশায় একজন প্রকৌশলী এবং মা কানিজ ফাতেমা নিশু একজন ব্যবসায়ী। বাবা-মায়ের একমাত্র সন্তান আয়াত পড়াশোনা করছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) স্কুলে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ। সন্তানের আগ্রহকে গুরুত্ব দিয়ে তাকে অভিনয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন আয়াতের বাবা-মা। সেই লক্ষ্যেই একাধিক নাট্যজনের কাছ থেকে নিয়মিত অভিনয়ের তালিমও নিচ্ছে সে।
পারভেজ ইমামের রচনায় এবং সানজিদ খান প্রিন্সের নির্মাণে ‘এভাবেও প্রেম আসে’ টেলিফিল্মে আয়াতের চরিত্রের নাম ‘পটু’। নামের মতো অভিনয়েও সে বেশ পটু—শুটিংয়ের সময় আয়াতের অভিনয় দেখে এমন উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন তার বয়োজ্যেষ্ঠ সহশিল্পীরা।
অভিনয়ে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মুসতাহসিন নাদমান আয়াত বলেন, ‘শুটিংয়ের সময় প্রান্তর দস্তিদার ভাইয়া ও নুসরাত আফরিন ইউমনা আপু আমাকে অনেক সহযোগিতা করেছেন। অন্যান্য শিল্পীরাও আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। আর পরিচালক সানজিদ খান প্রিন্স ভাইয়ের কথা কী বলব! তিনি প্রতিনিয়ত আমাকে অভিনয়ের নানা কলা-কৌশল শেখাচ্ছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। এ জন্য সানজিদ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ।
আয়াতের অভিনয় নিয়ে আশাবাদী নির্মাতা সানজিদ খান প্রিন্সও। তিনি বলেন, আয়াত অনেক মেধাবী, ধৈর্যশীল ও ধীরস্থির একজন। একজন শিল্পীর মধ্যে এ গুণগুলো থাকা ইতিবাচক লক্ষণ। আশা করি, আগামীতে সে আরও ভালো করবে। শিশু শিল্পী মুসতাহসিন নাদমান আয়াতের জন্য শুভকামনা।


















