জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ
- আপডেট সময় : ১২:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
জন্মদিনকে ঘিরে তারকাদের উদযাপনে থাকে নানা আয়োজন। তবে নিজের বিশেষ দিনটিকে এবার কিছুটা বলিউডি আবহে উদযাপন করলেন মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান। আজ ২৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। দিনটি উপলক্ষে বিশেষ ফটোশুটের পাশাপাশি জন্মদিনের প্রথম প্রহরও উদযাপন করেছেন বলিউড তারকাদের আদলে।
জন্মদিনের অনুভূতি জানিয়ে মৌ রহমান বলেন, বিশেষ এই দিনটিতে পরিবারের সঙ্গেই সময় কাটাতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। কাছের মানুষদের নিয়ে আনন্দ করাই তাঁর কাছে জন্মদিন উদযাপনের অন্যতম প্রধান বিষয়।
আরটিভির ‘লুক অ্যাট মি’ ম্যাগাজিনের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন মৌ। এরপর একাধিক প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান তিনি। ‘সাদাকালো’, ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’, ‘পুরবী জুয়েলার্স’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাশন ও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাঁকে।
মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন মৌ। কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপনসহ বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশ কিছু মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন।
অভিনয়েও নিজের জায়গা তৈরি করেছেন মৌ রহমান। সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। সময়ের সঙ্গে ছোট পর্দায় অভিনয়ের পরিধিও বাড়িয়েছেন এই অভিনেত্রী।
মৌয়ের ইচ্ছা রয়েছে বড় পর্দায়ও কাজ করার। তবে শুধু সিনেমায় অভিনয়ের জন্য অভিনয় করতে চান না তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই চলচ্চিত্রে কাজ করার আগ্রহের কথা জানিয়ে মৌ বলেন, ‘মনের মতো গল্প হলে সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে।
শোবিজে আসার গল্পটাও তাঁর কাছে অনেকটা আকস্মিক। ছোটবেলায় বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তন। মৌ বলেন, ‘বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হব। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না।
মৌয়ের বাবা একজন ব্যবসায়ী। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। শোবিজের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে শান্তা-মারিয়ামে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছেন মৌ রহমান। জন্মদিনে নতুন কাজ ও নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশাই তাঁর।
















