ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক
- আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকার কেরানীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কদমতলী রয়েল পার্টি সেন্টারে ননদ ভাবী ইভেন্টস আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক।
কেক কাটা ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে পোশাক, হস্তশিল্প, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় ও স্থানীয় পণ্য নিয়ে অংশ নিয়েছেন উদ্যোক্তারা। মেলায় মোট ৪৫টি স্টল রয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব। এ ছাড়া উপস্থিত ছিলেন দিশামনি, ফুড ব্লগার মধুমিতা, মেকআপ আর্টিস্ট ইতি অ্যাঞ্জেল, আজরিন, রিয়াসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।
আয়োজক প্রতিষ্ঠান ননদ ভাবী ইভেন্টসের কর্ণধার জাফরিনা জাহান প্রীতি ও সুমাইয়া আক্তার স্বর্ণা জানান, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া, নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তাঁদের মতে, এ ধরনের মেলা উদ্যোক্তাদের জন্য নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করে। একই সঙ্গে উদ্যোক্তারা পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন, যা তাঁদের ব্যবসার প্রসারে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তিন দিনের এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখা ও কেনাকাটার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমে তাঁদের উদ্যোগকে উৎসাহিত করতে পারবেন।

















