শার্শা ও বেনাপোল সীমান্তে মাদকসহ বিভিন্ন মালামাল আটক
- আপডেট সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ছয় লক্ষ পনের হাজার সাতশত ষাট টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, জিরা, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৩ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কাশিপুর ও বেনাপোল বিওপি এবং আমাড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৬,১৫,৭৬০/-(ছয় লক্ষ পনের হাজার সাতশত ষাট) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।











