ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম
- আপডেট সময় : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত পাঁচটি ম্যাচ সরাসরি কাভার করেন বিডিস্পোর্টসটাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মো. জাবেদ আলী।
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ফিফার প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬ সরাসরি কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম (BDSportsTime)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মো. জাবেদ আলী বাংলাদেশ থেকে একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিযোগিতাটি কাভার করতে বাকুতে যান। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট কাভার করলেও ফিফা আয়োজিত কোনো ফুটবল প্রতিযোগিতায় সরাসরি সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা এবারই প্রথম হয়েছে তাঁর।
২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৮৯টি দেশের দল। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ টিয়ার ই-তে রানার্সআপ হয়। নকআউট পর্বে টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। সেশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের জয় পায় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
৩০ অক্টোবর বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত ফাইনালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। বাংলাদেশের নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত পাঁচটি ম্যাচই মাঠে উপস্থিত থেকে কাভার করেন জাবেদ আলী। ম্যাচের খবর, ছবি এবং ফুটবলারদের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন তাঁর প্রতিবেদনে। বাংলাদেশের ফাইনালে ওঠার আনন্দ থেকে শুরু করে শেষ ম্যাচে হারের হতাশাও কাছ থেকে দেখেছেন তিনি।
প্রতিযোগিতার বিভিন্ন ঘটনা ও নিজের অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখা ‘বাকু ডায়েরি’ প্রকাশিত হয় বিডিক্রিকটাইমের বাংলা ও ইংরেজি সংস্করণে। বাংলাদেশের ম্যাচ ছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের বয়সভিত্তিক দলগুলোর খেলা দেখেন জাবেদ আলী। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরা এক ফুটবলারের সঙ্গে ছবি তোলেন তিনি। এ ছাড়া স্পেনের একটি ম্যাচ শেষে দলটির কোচ ডেভিড গোর্দো তাঁকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লোগোযুক্ত একটি স্মারক কী-রিং উপহার দেন।
জাবেদ আলীর ক্রীড়া সাংবাদিকতায় পথচলা শুরু ২০১০ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটের খবর প্রকাশের মাধ্যমে কাজ শুরু করেন তিনি। ২০১১ সালে বিডিক্রিকটিম নামে একটি ক্রিকেটভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে বিডিক্রিকটাইম নামে পরিচিতি পায়। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগেও কাজ করেছেন তিনি। এরপর বিভিন্ন দেশে আইসিসি বিশ্বকাপসহ আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর কাভার করেন।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও অন্যান্য খেলার সংবাদ পরিবেশনের জন্য বিডিক্রিকটাইমের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিডিস্পোর্টসটাইম নিয়ে কাজ শুরু করেন তিনি। প্রতিষ্ঠানটির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা সরাসরি কাভারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ কাভার করেন জাবেদ আলী। ওই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশের নারী ফুটবল দল। চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো মাঠে উপস্থিত থেকে কাভার করেন তিনি।
অস্ট্রেলিয়ার পর এবার আজারবাইজানে ফিফার প্রতিযোগিতা কাভার করল বিডিস্পোর্টসটাইম। বাকুর এই প্রতিযোগিতার নিয়ম ছিল প্রচলিত ফুটবল বিশ্বকাপের চেয়ে আলাদা। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় অংশ নেয় এবং ম্যাচের দৈর্ঘ্য ছিল ৪০ মিনিট। প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে দলগুলোকে ছয়টি টিয়ারে ভাগ করা হয়। প্রতিটি টিয়ারে আলাদা ফাইনাল অনুষ্ঠিত হয়। টিয়ার এ-এর ফাইনালে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। অন্যদিকে টিয়ার ই-তে রানার্সআপ হয় বাংলাদেশ। প্রতিযোগিতার বিশেষ কাঠামোর কারণে ফিফা সব দলের সমন্বিত কোনো চূড়ান্ত র্যাঙ্কিং প্রকাশ করেনি।
বিডিস্পোর্টসটাইমের জন্য বাকুর এই সফর ছিল আন্তর্জাতিক ফুটবল কাভারেজের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন। বাংলাদেশের তরুণ ফুটবলারদের নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত লড়াই সরাসরি তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল দলের খেলা ও প্রতিযোগিতার নানা অভিজ্ঞতা পাঠকদের কাছে পৌঁছে দিয়েছে সংবাদমাধ্যমটি।













