যশোরে অস্ত্র-গুলি ম্যাগাজিনসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৩:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
যশোরে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । সোমবার রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং-ট-১-২১৭৭) চাঁচড়া টু পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন।
ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির (এসআই) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।










