প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো১০পিস স্বর্ণেরবার জব্দ, আটক-২
- আপডেট সময় : ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহফুজ আলম (৩১)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহলদল
কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। পরে তারের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন,একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। উদ্দেশ্যে ছিল চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
















