কালিগঞ্জে রাম গোবিন্দপুর গ্রামে জমিজমা বিরোধে পুকুরে বিষ প্রয়োগ ও মারপিঠ, আহত-৪
- আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলার রাম গোবিন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিঠ, মৎস্য পুকুরে বিষ প্রয়োগ ও মাছ ছিনতাই ও পুকুরের পার্শ্বে রোপিত বিভিন্ন শ্রেণির গাছপালা কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাম গোবিন্দপুর গ্রামের সাবির উদ্দীন (২৭), পিং- আনিছুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এজাহার সূত্র ও সরেজমিনে জানা যায়, মামলার বাদী সাবিরউদ্দীন এর সাথে রাম গোবিন্দপুর গ্রামের বিবাদীগন ১. মোঃ সালাউদ্দিন বাবু (৩০), ২. মোঃ সাকেরউদ্দীন সাবু (২৭), উভয় পিতা- আব্দুল আজিজ সরদার, ৩. আব্দুল মাজেদ (৬০), পিং- মৃত আলী গাজী, ৪. আব্দুল আজিজ সরদার (৬২), পিং- মৃত শাহাদাত সরদার, ৫. মোঃ শহিদ সরদার (৪৫), পিং- আবুল কাশেম সরদার, ৬. মোছাঃ সামছুন্নাহার বেগম (৩২), স্বামী- মৃত সাদেকুর সরদার, ৭. মোছাঃ রুমি খাতুন (২৫), স্বামী- মোঃ সালাউদ্দীন বাবু, ৮. মোছাঃ রুপা পারভীন (২৪), স্বামী- মোঃ সাকির উদ্দীন সাবু এর সহিত জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন বিরোধ ছিলো। ৮ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে হাতে ধারালো দা, লোহার রড, হাতুড়ি, কুড়াল, শাবল, বাঁশের লাঠি, কাঠের বাটাম ইত্যাদি লইয়া বাদী সবির উদ্দীনের চাচা আব্দুস সামাদ সরদার (৫০), পিং- মৃত শাহাদাত সরদারের বাড়িতে প্রবেশ করতঃ তার বসতঘরের পশ্চিম পার্শ্বের পুকুর পাড়ে থাকা বাঁশঝাড় হইতে বাঁশগাছ, সজিনা গাছ, কলাগাছ কাটিতে থাকে এবং ঘেরাবেড়া ভাংচুর করিয়া সর্বমোট প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। বাদীর চাচাত ভাই মোঃ সোহানুর রহমান (২৬), চাচা দাউদ আলী সরদার (৫০), চাচাত ভাই আবু নাইম (২১), চাচি জেসমিন আরা খাতুন (৪০) আসামিদের গাছ-গাছালি কাটিতে ও ঘেরাবেড়া ভাংচুর করিতে নিষেধ করিলে ৪ নং আসামী আব্দুল আজিজ সরদারের নির্দেশে আসামীরা একত্রিতভাবে তাদেরকে শাবল, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে অতর্কিতভাবে মারপিঠ করে এবং হত্যার চেষ্টা করে। এতে সোহানুর রহমান, আবু নাইম, দাউদ আলী সরদার, জেসমিন খাতুন রক্তাক্ত জখম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সকলেই কালিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি ছিলো। এছাড়া বিবাদীগণ পুকুরে মাছ নিধনের বিষ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ হাজার টাকা মূল্যের মাছ মেরে অনিষ্টসাধন করে এবং ৩০ হাজার টাকা মূল্যের মাছ ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হাসান এর নিকট জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।









