অভিনয়ে নতুন অধ্যায়, মডেলিংই প্রথম ভালোবাসা
- আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
শোবিজে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে ২০২২ সালের শুরুর দিকে ক্যারিয়ার শুরু করেছিলেন সাবরিনা সাবরিন। একটি ফটোশুট দিয়েই তার যাত্রা শুরু, এরপর ধীরে ধীরে র্যাম্প, ফটোশুট ও প্রমোশনাল ভিডিওতে কাজ করে নিজেকে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছেন তিনি। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হচ্ছেন এই তরুণ শিল্পী।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা সাবরিনা ছোটবেলা থেকেই গ্ল্যামার জগতের প্রতি আকৃষ্ট ছিলেন। ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা যেমন ছিল, তেমনি নিজের একটি ফ্যাশন ব্যবসা গড়ে তোলার স্বপ্নও লালন করতেন। সময়ের সঙ্গে সেই দুই স্বপ্নেরই বাস্তবায়ন ঘটছে।

মডেল হিসেবে বিভিন্ন র্যাম্প শো, ব্র্যান্ডের প্রচারণামূলক ফটোশুট ও ভিডিওতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন সাবরিনা। তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও পরিশ্রম তাকে নতুন নতুন কাজের সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি নাটক ও অন্যান্য অভিনয়ভিত্তিক প্রজেক্টেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
অভিনয়ে ব্যস্ততা বাড়লেও নিজের পরিচয় নিয়ে বেশ স্পষ্ট সাবরিনা। তিনি মনে করেন, মডেলিংই তার ক্যারিয়ারের ভিত্তি। তাই অভিনেত্রীর চেয়ে মডেল হিসেবেই পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
শুধু শোবিজ নয়, উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যাচ্ছেন সাবরিনা সাবরিন। বর্তমানে তিনি নারীদের জন্য বিদেশি ওয়েস্টার্ন পোশাকের একটি অনলাইন শপ পরিচালনা করছেন। ফ্যাশনের প্রতি নিজের ভালোবাসাকে ব্যবসায় রূপ দিয়ে তরুণীদের জন্য আধুনিক পোশাকের সংগ্রহ নিয়ে কাজ করছেন তিনি।
স্বপ্ন, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে সাবরিনা সাবরিন এখন এগিয়ে চলেছেন এক বহুমাত্রিক ক্যারিয়ারের পথে, যেখানে মডেলিং, অভিনয় ও উদ্যোক্তা জীবন সমানতালে এগিয়ে যাচ্ছে।















